সোনাগাজীতে ডাম্পিং স্টেশন স্থাপনের স্থান নির্ধারণ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের চরম ভোগান্তি ও দুর্গন্ধের কষ্ট অবশেষে দূর হতে চলেছে। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মারজান হোসাইন এঁর আন্তরিক প্রচেষ্টা ও বিচক্ষণ পদক্ষেপে সোনাগাজী পৌরসভার পূর্ব চরখোয়াজ এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে পৌরসভার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা জমে পরিবেশ ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছিল। সোনাগাজীবাসীর দীর্ঘদিনের এই নাগরিক ভোগান্তি দূর করতে এগিয়ে আসেন পৌর প্রশাসক মারজান হোসাইন। তার সময়োপযোগী উদ্যোগের ফলে পূর্ব চরখোয়াজ এলাকায় ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারিত হওয়ায় পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পৌরসভা গড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয় সেন, সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ আবুল হাশিম, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, বিএনপি নেতা আলমগীর হোসেন পেয়ার সহ অন্যান্য নেতারা। এই যুগান্তকারী পদক্ষেপের জন্য পৌর প্রশাসক ও ইউএনও মারজান হোসাইনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরসভার সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দারা। সচেতন মহল আশা প্রকাশ করছেন, খুব দ্রুতই পূর্ব চরখোয়াজ এলাকার এই ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পুরোদমে চালু হবে এবং সোনাগাজী পৌরসভা একটি আধুনিক ও সুন্দর জনপদে রূপ নেবে।
এই কার্যক্রমে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরা পৌর কর্মকর্তা-কর্মচারীরা সার্বিকভাবে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
