ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেপ্তার দুই

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে সার বিতণের সময় কৃষি কর্মকর্তা অবরুদ্ধ ও লঞ্চিত করার ঘটনায় মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে এঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলী করা হয়েছে। অন্যদিকে উপজেলায় সেপ্টেম্বর মাসের সারের বরাদ্দ শেষ পর্যায়ে। অতিরিক্ত ৬০০ টন সার বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। জানাগেছে,গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে মেসার্স আফি সার ঘরে সার কিতরণের সময় খোলা বাজারে সার বিক্রির দাবীতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা হয়। এর প্রেক্ষিতে ওইদিন রাতে কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বাদী হয়ে ১১ ব্যক্তির নামে ও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন গনাইরকুটি গ্রামের আল আমিন মোল্লা ও সুরুজ মিয়া। পুলিশ বলছে- ১১ আসামির মধ্যে যুবলীগের বর্তমান ইউনিয়ন কমিটির সভাপতি সুলতান ও সাবেক সভাপতি মিজানুর রহমান ও জেলা কমিটির সদস্য আশিকুর রহমানের নাম রয়েছে। একজন বিএনপির সমর্থক এবং বাকী ৬ জন জাতীয় পার্টির সমর্থক রয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আজিম উদ্দিন জানিয়েছে, মামলার ব্যাপারে এজাহার নামীয় আসামী ছাড়া কোন কৃষকের বাড়িতে যাওয়া হয়নি। আমরা ভিডিও দেখে আসামি সনাক্ত করছি। কাজেই এখানে কোন নিরীহ কৃষক হয়রানি হওয়ার সম্ভাবনা নেই। এঘটনার পর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বদলি করা হয়েছে। আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুককে ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়েছে।