সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-হাবিবা (১০) ও লাবিব (৯)। হাবিবা হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অপর শিশু লাবিব সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়।

এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরেও তাদের সন্ধান করা হয়।

আনুমানিক ১১টার দিকে ওই পুকুরে গোসল করতে যাওয়া ছেলের বাবা ঘাটের পাশে দুই শিশুর স্যান্ডেল পড়ে থাকতে দেখে বিষয়টি সন্দেহ করেন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে একে একে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম পরিদর্শনে আসেন। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বক্তব্য দেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।