ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপসসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের অভিযোগে হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের তথ্যসহ ১৬ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হৃদয় আহমেদ রাজুকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী ৬ নম্বর ওয়ার্ডের মোড়লের বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার মোবাইলে একাধিক অনলাইন বেটিং অ্যাপস ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক ১৬ জন নামীয় ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, "অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
