যমুনায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ ঘটনার ২দিন পর শ্রমিক ফয়সালের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তবে নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে ইঞ্জিন মিস্ত্রি মোরশেদের (২৫) সন্ধ্যান এখনও পাওয়া যায়নি। তবে যমুনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের এ অভিযান অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ নৌ থানার ওসি রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত শনিবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ সময় ওই বাল্কহেডের ৫ জন শ্রমিকের মধ্যে ৩ জন সাঁতরিয়ে তীরে উঠলেও ওই ২ জন ডুবে যায়। ওইদিন রাত থেকে ঘটনাস্থল এলাকায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে সোমবার বিকালে যমুনা সেতু উত্তর এলাকা যমুনা নদী থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয়।
