বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধ করেন। এত সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে। চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে প্রায় ৪৫ মিনিট পর সড়ক থেকে সরিয়ে দেয়। এরআগেও শ্রমিকেরা সময়মতো বেতন পরিশোধের দাবিতে রোববার ও সোমবার দুই দিন কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা জানান সোমবার মালিকপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন কারণে চলতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। পরে বেতন পরিশোধ করা হবে। কর্মবিরতি পর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তারা মঙ্গলবার সকালে বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে নামেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের কর্মবিরতির কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং জরুরি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

না'গঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, এ সময় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে দুই থেকে তিন দফা বৈঠক করে বেতন পরিশোধে কিছুটা সময় চায়। তবে শ্রমিকেরা এতে রাজি হননি। শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিকের মধ্যে ১৫০ জন শ্রমিক নেতার কার্যালয়ে যান। অপর ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়। কারখানার মালিক, শ্রমিক ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।