'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' পেলেন কানিজ ফাতিমা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি (অনার্স) গণিত বিভাগের পরীক্ষায় অসামান্য ও কৃতিত্বপূর্ণ ফলাফলের (সিজিপিএ ৩.৯৭) স্বীকৃতিস্বরূপ সম্মানজনক 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, শিক্ষাবৃত্তি ও সনদপত্র গ্রহণ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি শিক্ষার্থী কানিজ ফাতিমা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অতিথিরা তার হাতে এই বিশেষ পুরস্কার, শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা সনদ তুলে দেন। এই মর্যাদাপূর্ণ মুহূর্তে কানিজ ফাতিমার সঙ্গে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন তার বাবা।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

কানিজ ফাতিমা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে গণিত বিভাগে (সেশন: ২০১৯-২০, পরীক্ষার বছর: ২০২৩) বিএসসি গ্রাজুয়েশন সম্পন্ন করে এই অনন্য সম্মান অর্জন করেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের সন্তান। তার বাবা এ. এল. এম. জিয়াউল আহাসান (বাচ্চু মোল্লা) এবং মাতা রওশন জাহান। চার বোনের মধ্যে কানিজ ফাতিমা সবার বড়। শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী কানিজ ফাতিমা জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে ২০১৭ সালে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯৫ পেয়ে এসএসসি (ঝঝঈ) এবং ২০১৯ সালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়ে এইচএসসি (ঐঝঈ) পাস করেন। এরপর বিএম কলেজ থেকে গণিত বিভাগে ৩.৯৭ সিজিপিএ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। কানিজ ফাতিমার এই সাফল্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, "কানিজ ফাতিমা আমাদের কাউখালীর অহংকার। তার এই অর্জন প্রত্যন্ত অঞ্চলের হাজারও শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সে প্রমাণ করেছে, সদিচ্ছা ও কঠোর অধ্যবসায় থাকলে যেকোনো প্রতিকূলতা ডিঙিয়ে সাফল্য লাভ করা সম্ভব। তিনি কানিজ ফাতিমার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

একই সঙ্গে, কানিজ ফাতিমার এই জাতীয় পর্যায়ের অর্জনে তাঁর নিজ গ্রাম ৫নং শিয়ালকাঠী ইউনিয়নসহ সমগ্র কাউখালী উপজেলায় আনন্দের জোয়ার বইছে। জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিবার, কাউখালী প্রেস ক্লাব এবং গ্রিন ফোর্স বাংলাদেশ-এর পক্ষ থেকে কানিজ ফাতিমা ও তাঁর পরিবারকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়েছে।