জামিন না পেয়ে এজলাসে গালিগালাজ

পুলিশের ওপর হামলা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় অশ্লীল ভাষায় মন্তব্য এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি বশিরকে তাৎক্ষণিকভাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। বুধবার দুপুরের দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বশির বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, আদালতে একটি সিআর মামলার অস্থায়ী জামিন শুনানি শুরু হয়। ওই মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালতের বিচারক। এতে এজলাসের মধ্যেই ওই আসামি উত্তেজিত হয়ে জামিন কেন বাতিল হয়েছে জানতে চেয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। এছাড়া গালাগালি এবং উচ্চবাচ্য করতে থাকেন তিনি। এসময় এজলাসে উপস্থিত আইনজীবীরা বশিরকে থামতে বললেও তিনি থামেননি।একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বশিরকে হাতকড়া পরাতে গেলে তাদের মারধর করেন। তাৎক্ষণিকভাবে আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান একটি সিআর মামলা আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষের ভিত্তিতে বশিরকে এক বছর কারাদণ্ড দেন।