বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবা ও পরিবারের সদস্যদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন বাবা জামাল উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের মাটিখলা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে রাজিব (২৫) মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করে আসছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, রাজিব প্রায়ই টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং টাকা না দিলে বাবা ও পরিবারের লোকজনকে মারধরসহ মারার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, এর আগে রাজিব তার জেঠাকে মারধর করলে তার পা ভেঙে যায়। এছাড়া বড় ফুফুকেও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন জামাল উদ্দিন। পরে অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে প্রশাসন ও পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
