ইয়াবাসহ দুই 'জুলাই যোদ্ধা' গ্রেপ্তার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিস করে ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, 'জুলাই যোদ্ধা' পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকেও চাপে রাখার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
