ছেলের সামনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক এক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের সামনেই প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এর আগে ডাকাত দল ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতি শেষে ডাকাতদল, বেঁধে রেখে ছেলের সামনেই তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে। থানা পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ, আরিফ, মমিনের ছেলে ফাহিম, মোফাজ্জলের ছেলে রাজিব, নূরুল ছেলে এনামুল, একই এলাকার প্রবাসীর অর্ধনির্মিত বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়। প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে জগ ও গ্লাস ভর্তি পানি নিয়ে দরজার কাছে আসা মাত্রই সশস্ত্র ডাকাত দল প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছের সঙ্গে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা, স্বর্নালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুলসহ ৫ লাখ মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়। জিনিসপত্র লুট করার পর ডাকাত দলের সদস্যরা ঘরের দরজার সামনে বেঁধে রাখা ছেলের গলায় চাপাতি ধরে জিম্মি করে তার মাকে দরজার সামনে এনে ছেলের সামনেই অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করে। রাজিব নামের ডাকাত দলের সদস্য ছেলের সামনে মায়ের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে। প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষনের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগিদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে, অভিযানে বের হয়। থানা পুলিশ বৃহস্পতিবার রাত তিনটার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে চর কালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে।
অভিযুক্ত চারজন পালিয়ে গেলেও রাজিব ডাকাতকে পুলিশ আটক করে। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুন, ধর্ষণ, অপহরন, ছিনতাই, অবাধে মাদক ব্যবসাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় আতংকিত এলাকাবাসী অপরাধিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়েছেন।এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
