প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমরা আগে কাজ করে পরে বলি। গতকাল শনিবার দুপুরে শরীয়তপুর জেলা সদরের পালং বাজার সংলগ্ন জেলা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

হুইপ অপু বলেন, আজকে শরীয়তপুর প্রেসক্লাবের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, ইনশাআল্লাহ খুব শিগগিরই এটা দৃশ্যমান পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। জমি বরাদ্দের প্রস্তাবদাতা জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাই সবাইকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা আমাদের ভুলগুলো সংশোধনের জন্য নির্মোহভাবে তুলে ধরবেন। কিন্তু উদ্দেশ্য প্রনোদিত এমন অযৌক্তিক কিছু লেখা থেকে বিরত থাকতে হবে, যাতে আমরা আমাদের কাজের আগ্রহ হারিয়ে ফেলি।পরে হুইপসহ অন্যান্য অতিথিরা শরীয়তপুর পার্কের উদ্বোধন ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক নেতাকর্মী ও জেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।