কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আনাস ইবনে মনির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল হক মালিক এবং শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত সফলতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৎ চরিত্র ও মানবিক গুণাবলিতে বলীয়ান হতে হবে। শিক্ষার সঙ্গে আদর্শিক চরিত্রের সমন্বয় ঘটলেই অর্জিত মেধা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে নিজেদের সৎ, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
