ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
বর্ণিল আয়োজন, পূজা-অর্চনা আর নেচে গেয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো ওরাঁও নৃ-গোষ্ঠীর কারাম উৎসব '। ভাদ্র মাসের শেষে প্রকৃতির মঙ্গল কামনায় এ উৎসবের আয়োজন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। শুক্রবার রাত থেকে কারাম পূজা উদযাপন কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাওয়ের আয়োজনে সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গা, জগনাথপুর, গোবিন্দনগর, চন্ডিপুরসহ জেলার বিভিন্ন গ্রামে দুই দিনব্যাপী শুরু হয় এই উৎসব। মঙ্গলের প্রতীক কদমকেলী বা কারাম গাছের ডালকে ঘিরে চলে তাদের এই ধর্মীয় আরাধনা। সদর উপজেলার পাঁচপীর ডাঙ্গায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা আইনজীবী ইমরান হোসেন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম তানু, হেকস্ বাংলাদেশের টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার প্রমুখ।
কারাম পূজার মধ্যদিয়ে আদিবাসী সম্প্রদায় পরিবারের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনার পাশাপাশি সমাজের কল্যাণ চেয়ে প্রার্থনা করেন পূজারিরা। উৎসবের দ্বিতীয় ও শেষ দিন শনিবার, পূজায় ব্যবহৃত পবিত্র গাছের ডালটি নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুই দিনের এই ধর্মীয় আয়োজনের।
কারাম উৎসবকে ঘিরে কয়েক দিন আগে থেকেই সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে শুরু হয় উৎসবের আমেজ। রঙিন পোশাকে নারী পুরুষ, হাতে ঢোল ও মাদল নিয়ে নাচ গান করতে করতে উৎসবে অংশ নেন তারা। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন এ আয়োজন দেখতে। উৎসবে অংশ নেওয়া অতিথিরাও ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ আয়োজনের প্রশংসা করেন।
