আগাম মাসকালাইয়ের ভালো ফলনের আশা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। ইতোমধ্যেই আগাম জাতের এ মাসকালাই ক্ষেতে সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে। এতে ভালো ফলনের আশায় এ অঞ্চলের কৃষকেরা খুশি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে এ মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যেই কৃষকেরা প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এ কালাই চাষ করেছে। প্রায় দেড়/ দুই মাস আগে থেকে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগাম জাতের এ মাসকালাই চাষ করা হয়েছে। এসব মাসকালাইয়ের মধ্যে রয়েছে, বারি-৩, ৪ ও ৬ এবং বিনা-১। আগস্ট মাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বারি -৩ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ চরাঞ্চলে বেশি এ মাসকালাই চাষাবাদ হয়েছে। এছাড়া অন্যান্য জাতের মাসকালাই চাষ করেছে কৃষকেরা এবং আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত মাসকালাই (কাতিকালাই) বীজ বপন করবে কৃষকেরা। স্থানীয় কৃষকেরা বলছেন, খাল, বিল, নদী পাড়, বাড়ির আঙিনা ও পতিত জমিতে এ চাষও করা হয়ে থাকে। কম খরচে লাভ বেশি এ চাষে কৃষকেরা প্রতি বছরের মতো এবারো ঝুঁকে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলে দেশি মাসকালাই গরুকেও খাওয়ানো হয়। তবে বি-৩, মাসকালাই কয়েক সপ্তাহ পরেই কাটা ও মাড়াই শুরু হবে। এ নতুন মাসকালাই ডাল বাজারেও চাহিদা বেশি এবং এ ডাল ও মাসকালাই স্থানীয় হাট বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এতে ডাল ও মাসকালাইয়ের দাম ভালো থাকায় কৃষকেরাও খুশি হবে। তবে ভারী বর্ষণে চরাঞ্চলসহ অনেক স্থানে এ চাষে বিনষ্ট হয়েছে। এ মাসকালাই ক্ষেত বিন্ষ্ট হলেও পুনরায় চাষ করছে কৃষক। এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, কম খরচে লাভজনক আগাম জাতের এ মাসকালাই চাষে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। তবে চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা রয়েছে। এ চাষে কৃষকেরা এবারো খুশি হবে বলে তিনি উল্লেখ করেন।