স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ৫০ শয্যার আধুনিক এ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন এ হাসপাতাল নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট দূর করবে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও প্রান্তিক এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নড়িয়া উপজেলা সদরে প্রায় ৬ একর জমির ওপর প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নতুন স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করা হয় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলেও জমি সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন এর উদ্বোধন কার্যক্রম আটকে ছিল। এর আগে ২০১৮ সালে পদ্মার ভয়াবহ নদীভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে দীর্ঘদিন ধরে ব্যাহত হয় উপজেলার মানুষের চিকিৎসাসেবা। পরে নড়িয়া উপজেলা সদরে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নতুন ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা। এর মধ্যে রয়েছে ১০টি আইসিইউ বেড। নতুন হাসপাতালটি চালু হওয়ায় নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম খানসহ সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা।
