সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ৯
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। পৃথক দুটি গ্রামে একই সময়ে শিয়ালের আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জিগাবাড়ী গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) ও আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭) রয়েছেন। এ ছাড়া একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী লিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬) শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে শিয়ালগুলো নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের ওপর হামলা চালায়। এতে নয়জন আহত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। একই ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণে একসঙ্গে ৯ জন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ইতোমধ্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। শিয়ালের আক্রমণের পর দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
