আক্কেলপুরে পৌনে ১১ লখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার জন্য রাজশাহী গিয়েছিলেন জয়পুরহাটের আক্কেলপুরের লিটন হোসেন। দুই দিন পর গতকাল সোমবার ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো। পরে ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, ওয়ারড্রপে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। এ ঘটনায় পৌনে ১১ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। লিটন হোসেন আক্কেলপুর পৌর এলাকার রাজকান্দা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক কাউন্সিলর মৃত আহম্মেদ আলীর ছেলে।

সরেজমিন গিয়ে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার জন্য রাজশাহী যান লিটন হোসেন। যাওয়ার সময় বাড়ির প্রধান দরজায় তালা লাগিয়ে যান। গতকাল সোমবার ভোরে বাড়ি ফিরে তিনি দেখেন, প্রধান দরজা ভেতর থেকে বন্ধ। পরে ছাদের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ওয়ারড্রপে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। থানায় দেওয়া অভিযোগে লিটন হোসেন উল্লেখ করেছেন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ১০ লাখ ৭৬ হাজার ২৫০ টাকার মালামাল চুরি হয়েছে।

লিটন হোসেন বলেন, পরিবারের সবাইকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ায় দুই দিন বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। তিনি চোরদের দ্রুত শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার থানায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।