নারায়ণগঞ্জে লোকালয়ে কুমির উদ্ধারে একাধিক দলের চেষ্টা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে একটি কুমিরের দেখা মিলেছে। গত শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা প্রথম কুমিরটি দেখতে পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কুমিরটিকে লোকালয়ে চলাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বন্য প্রাণী উদ্ধারকারী দল কুমিরটি উদ্ধারে চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হয়নি।

গতকাল সোমবার দুপুরে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরটির উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে রবিবারও সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেন।

স্থানীয়দের ভাষ্য, কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা গেলেও পরে পাশের আরেকটি পুকুরে চলে যায়। বর্তমানে কচুরিপানায় পরিপূর্ণ ওই পুকুরেই কুমিরটি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে কুমিরের বিষয়টি জানার পর ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কুমিরটির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদিন বলেন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও পুকুরে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করে। এটি বেশ কিছুদিন ধরে এখানে ছিল তবে স্থানীয়রা একে গুইসাপ মনে করে গুরুত্ব দেয়নি। পরে লোকালয়ে চলে আসলে বুঝতে পারে এটি কুমির ছিল। বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান বলেন, কুমিরটি দেখে মিঠাপানির কুমির বলে মনে হচ্ছে। এ ধরনের কুমির সাধারণত শান্ত প্রকৃতির হলেও বন্য প্রাণী কখন হিংস্র হয়ে উঠবে, তা বলা যায় না। তাই কুমিরটির কাছাকাছি না যাওয়াই নিরাপদ। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় কুমিরটির অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে।

নারায়ণগঞ্জ বন ও নার্সারি প্রশিক্ষণের প্রধান নির্বাহী সঞ্জয় হাওলাদার বলেন, শীতলক্ষ্যা নদীর পানির দূষণের কারণে কুমিরটি নদী ছেড়ে লোকালয়ে চলে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের প্রাণী দেখলে তার চোখের উপর চটের ছালা অথবা মাছ ধরার জাল ফেলে দিলে প্রাণীটি নিস্তেজ হয়ে যায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, কুমির উদ্ধারে একাধিক দল সেখানে কাজ করছে।