ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি ভাঙচুর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি শেষে প্রবাসীর কিশোর বয়সী ছেলেকে জিম্মি করে তার সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা- পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালীবাড়ি চর এলাকায় শত শত বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রবাসীর বাড়িতে ডাকাতির পর ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার আসামি শরীফ (২৩) ও আরিফের (২১) বাবা তাহের উদ্দিনের, আসামি ফাহিমের (২২) বাবা মমিনের, আসামি রাজিবের ( ২৩) বাবা মোফাজ্জলের এবং আসামি এনামুলের (২২) বাবা নূরুর বাড়ি ভাঙচুর শুরু করে। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের টিনের বসতঘরগুলোর বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে নিয়ে বাড়ির পাশে স্তুপ করে রাখে। স্থানীয় সূত্রে জানা যায, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং করণীয় ঠিক করতে স্থানীয় লোকজন রবিবার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নবম শ্রেণির ছাত্র ছেলের সামনেই তার মাকে দলবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। এ ঘটনায় ওইদিন রাত তিনটার দিকে থানা পুলিশ রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বলেন, দুপর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি চর কালিবাড়ি এলাকায় আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
