মাদকবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাকান্দা উপজেলার তালদিঘি গ্রামের মোস্তফার ছেলে মোহাম্মদ ইয়াসিন। তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। চরহোসেনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ফয়সাল মিয়াকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাকনহাটি গ্রামের আক্তার হোসেনের ছেলে মনিরকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, চরহোসেনপুর গ্রামের ফাইজুলের ছেলে মো. শাকিলকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং চরশিহারী গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মাহবুবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।