মানিকগঞ্জ আদালতে এক দিনেই মাদক মামলার বিচার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
সামারি ট্রায়ালের মাধ্যমে এক দিনের মধ্যেই মাদক মামলার বিচার সম্পন্ন করে আসামিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস এ রায় দেন।
এর আগে সদর উপজেলার বেতিলারচর এলাকা থেকে মনির নামে এক ব্যক্তিকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দ্রুত বিচার কার্যক্রমের এ উদ্যোগে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক দিনের মধ্যেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করায় বিচারকের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
