নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার হয়। নিহত ইসমাইল ওই এলাকার আকবর হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বস্তাটি উদ্ধার করে। উদ্ধারের পর লাশটি নিখোঁজ ইসমাইলের বলে শনাক্ত করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি আশরাফ আলী বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে। সন্দেহভাজন কয়েকজনকে থানাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।