ইভটিজিং ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক অবক্ষয় বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। সমাবেশে পুলিশ সুপার বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থী বা তার সহপাঠী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে বিষয়টি শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, হরিরামপুর থানা সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন, নবাগত ওসি জেওএম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।