ধর্মীয় শিক্ষা মানুষকে মানবিক করে গড়ে তোলে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো ধর্মই খারাপ নয়, ধর্মীয় শিক্ষা মানুষকে মানবিক ও মানবিকতাবোধসম্পন্ন করে গড়ে তোলে— বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

গতকাল মঙ্গলবার নোয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোবিপ্রবি উপাচার্য বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনে নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন আবদুল কাউযুম মাসুদ, শিক্ষক-ক্রীড়াবিদ রফিক উল্যাহ মিলন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি সাংবাদিক মানিক ভূঁইয়া, সাংবাদিক মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।