অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তারা, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সারের বরাদ্দ প্রদান করা হচ্ছে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই। সরকার কৃষকদের জন্য সারে উল্লেখযোগ্য ভর্তুকি প্রদান করছে। তিনি সার ডিলারদের সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। একইসঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ক্যাশ মেমো প্রদান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত স্থানে সার ও বীজ বিক্রয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা অথবা সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি পরিমাণের পাশাপাশি উৎপাদনের গুণগত মানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকরা আরও লাভবান হতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
