রূপগঞ্জে বিদ্যালয় সরকারিকরণের দাবি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় স্কুল সংলগ্ন মিয়াবাড়ী-হাটাবো সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।
দীর্ঘ ৩৩ বছর ধরে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামের প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এখনও সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তারসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ী এলাকায় নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে হওয়ায় স্থানীয় শিশুদের পড়াশোনার সুবিধার্থে ১৯৯২ সালে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর চার কক্ষবিশিষ্ট টিনের ঘরে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এরপর দীর্ঘ ৩৩ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টি এখনও সরকারি করা হয়নি। তারা বলেন, বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
দীর্ঘদিন ধরে মাত্র চারজন শিক্ষক বিনা বেতনে পাঠদান করে আসছেন।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় আড়াইশ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট রয়েছে। পুরোনো টিনের ঘরটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বিদ্যালয়টি দ্রুত সরকারি করার দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হলেও বিদ্যালয়টির সরকারি করার বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকার নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা জরুরি।
