জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাবি প্রতিনিধি

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় দেশসেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। গতকাল বুধবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বিজেএসে প্রথম আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম বলেন, "আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন; কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন। আইন বিভাগের জুনিয়র এবং ভবিষ্যতে এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।

এছাড়াও তিনি সবাইকে নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন। তিনি সবাইকে নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন। অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারো দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এর আগে, ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।