শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বুধবার থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষনের ঘটনাটি ঘটে দুইদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চলে। পরে গতকাল বুধবার সকালে শালিসের মাধ্যমে ঘটনাটির রফাদফার চেষ্টা করা হয়। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিম ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
