চট্টগ্রাম বন্দরে ডিজিটালাইজেশন ও অটোমেশন জোরদার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের সেবা সহজীকরণ, দ্রুত পণ্য খালাস, স্বচ্ছতা আনয়ন এবং বন্দর এলাকার যানজট নিরসনে ডিজিটালাইজেশন ও অটোমেশন কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বন্দর সেবাগুলোর সার্বিক অগ্রগতি আলোচনা ও পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে ১০০% ভেসেল বিল অনলাইনে সম্পাদিত হচ্ছে, এবং কন্টেইনার ও কনসাইনি বিল শতভাগ টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS)-এর মাধ্যমে তৈরি ও আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে সোনালী ব্যাংক পিএলসির বুথ স্থাপন ও API ইন্টিগ্রেশনের মাধ্যমে ছুটির দিন ও অফ-টাইমসহ যেকোনো সময় অনলাইন পেমেন্টের সুবিধা চালু করা হচ্ছে। ই-গেট পাস ইস্যু ও গেট ইন/আউট শতভাগ অনলাইনের পাশাপাশি TOS-এর মাধ্যমে 'টাইম স্লট ম্যানেজমেন্ট', অনলাইন কার্ট টিকিট ও ই-গেট চালান এবং শতভাগ ভেসেল ই-এনওসি নিশ্চিত করা হচ্ছে। তাছাড়াও ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরের মাশুলাদি আদায় সংক্রান্ত পেমেন্ট না দিলে অটো পুল পেমেন্ট সিস্টেম, TOS সিস্টেমে অনলাইনে স্পেশাল ডেলিভারি অ্যাসাইনমেন্ট অনুমোদন, NBR/Customs-এর API এর মাধ্যমে অকশন ডেলিভারি এবং চট্টগ্রাম বন্দরের ব্রেক বাল্ক অপারেশন দ্রুত অনলাইনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি TOS-এর নতুন ভার্সনে ড্রপ টিকিট, পিকআপ টিকিট ও EIR ই-গেট পাসের সঙ্গে ইন্টিগ্রেট করে যানজট কমানো, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে রিয়েল-টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশন, বিল জেনারেট ও কনফার্মেশন, ICD ইন্টিগ্রেশন এবং বে টার্মিনালে স্লট-বাই-স্লট ম্যাপিং পূর্বক পেমেন্টভিত্তিক ট্রাক পার্কিং টিকেটিং সিস্টেম চালু করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে বন্দরকে সম্পূর্ণ পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সর্বোপরি, চট্টগ্রাম বন্দরের অটোমেশন ও ডিজিটালাইজেশনের ফলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দ্রুত বকেয়া আদায় সহ নানা আর্থিক সুবিধা নিশ্চিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব ব্যবহারকারী ও স্টেকহোল্ডারদের এই ডিজিটাল কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানাচ্ছে।
