ব্রাহ্মণবাড়িয়ার স্টেডিয়াম মার্কেটে তালা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চুক্তির জটিলতার জেরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মার্কেটের দোকান বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, হাইকোর্ট থেকে ভাড়া বৃদ্ধি ও জামানত দাবির ওপর স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বজায় রাখার সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও প্রশাসন দোকানগুলো বন্ধ করে দিয়ে হয়রানির মুখে ফেলেছে। এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে মার্কেটের ব্যবসায়ী ও শ্রমজীবীরা প্রায় আড়াই শতাধিক মানুষ। জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন স্টেডিয়াম মার্কেটে ৩৭টি দোকান ২০০১ সালে ২ লাখ ২৫ হাজার টাকা জামানত ও মাসিক ৩০০ টাকা ভাড়ায় চুক্তিতে বরাদ্দ দেওয়া হয়। তবে ২০১৪ সাল থেকে মাসিক ভাড়া ১ হাজার টাকা করে পরিশোধ করে আসছে মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু চলতি বছরের ২৪ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার পাঠানো দুই দফা চিঠিতে প্রতিটি দোকানের জামানত আরও ২ লাখ ৭৫ হাজার টাকা বাড়িয়ে ৫ লাখ টাকা এবং মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করে ২০ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি নবায়ন করতে জানায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সাঈদ ও সদস্য সচিব তানিম শাহেদ রিপন। এরপর থেকে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, পূর্বে ২ লাখ ২৫ হাজার টাকা জামানতে বরাদ্দ নেওয়া দোকানের পুনরায় জামানত ও ভাড়া বৃদ্ধি বোধগম্য নয়। হঠাৎ করে অতিরিক্ত ভাড়া ও জামানত বৃদ্ধির ফলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিপাকে পড়তে হবে। ব্যবসায়ীদের দাবি, ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ও বরাদ্দ দলিলের শর্তাবলি লঙ্ঘন করে এবং কোনো প্রকার শুনানির সুযোগ না দিয়েই একতরফাভাবে এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।
