পণ্য পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন। একই সঙ্গে সমন্বিত মনিটরিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবিলার নির্দেশনাও দেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনার বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার উখিয়া ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।