ধর্ষণের মামলায় চবি শিক্ষার্থী গ্রেপ্তার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে ওই নারী শিক্ষার্থীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে প্রায় পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে তোহা তার ভাড়া বাসায় নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তিনি নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী গত ১৮ সেপ্টেম্বর হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
