সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
চিকিৎসা ও দোকানের মালামাল আনার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মৃধা(৫৫) ও ছেলে অনিক মৃধার (১৪) গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে।
জাফর মৃধা একজন ব্যবসায়ী। উপজেলা সদর সুবিদখালি নান্নু শপিং কমপ্লেক্সে তাঁর একটি গার্মেন্টসের দোকান আছে ও অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ। তিনি বলেন, ঢাকা- খুলনা হাইওয়ে সড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে থামানো বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আরো ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন। নিহত তিনজনের দুজন আবু জাফর মৃধা ও অনিক মৃধার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় এবং সম্পর্কে তারা বাবা ও ছেলে।
নান্নু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী বলেন, জাফর মৃধা দোকান ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন গার্মেন্টসের ব্যবসা করতেন। শুক্রবার সকালে ছেলেকে নিয়ে হানিফ পরিবহনের একটি গাড়িতে মির্জাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে মাদারীপুর জেলার শিবপুর উপজেলায় ঢাকা - খুলনা সড়কে এক সড়ক দুর্ঘটনায় ছেলে অনিকসহ তিনিও নিহত হন। বাবা ও ছেলের আকস্মিক মৃত্যুতে নান্নু শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা মর্মাহত।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাকিল আহম্মেদের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি লাশ ময়না তদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের কথা বলেছেন।
