মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিহত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়ার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও সুবহানের ছেলে সাব্বির আহম্মেদ (১৯)। তাদের মধ্যে সুজন নবাবগঞ্জ সরকারি কলেজের ও সাব্বির মহিপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গোবতরাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, দুপুরে এক সঙ্গে খেলাধুলা করে মহানন্দা নদীর দিয়াড় ধাইনগর ঘাটে গোসল করতে যায়। গোসলে নেমে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদী থেকে মৃতঅবস্থায় উদ্ধার করে। মরদেহ দু'টি তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি ওয়াসিম ফিরোজ।