কলমাকান্দায় ডেপুটি স্পিকারের দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি গত রোববার নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ, ফ্যামিলি কার্ডের শুমারিকারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপকারীদের সঙ্গে মতবিনিময়, প্রশিক্ষণকেন্দ্রের সংস্কারকাজ পরিদর্শন, মন্দিরের পুনর্র্নিমাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ঘরের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

রকারি সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন নির্ধারিত বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহ হয়ে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুর ২টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তিনি। পরে একই স্থানে ফ্যামিলি কার্ডের শুমারিকারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিজিএমইএ ও অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি (SICIP) প্রকল্পের অধীন প্রশিক্ষণকেন্দ্রের সংস্কারকাজ পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এ সময় পরিদর্শন কক্ষের উদ্বোধনও করেন তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে কলমাকান্দা মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের পুনর্নিরমাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রংছাতি ইউনিয়নের বানাড়িপাড়া এলাকায় জামদানি শাড়ি তৈরির এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয়ভাবে জামদানি শাড়ি তৈরির কার্যক্রম ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সফরের শেষ পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ঘরের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সহ- সভাপতি আব্দুস ছালাম কেরণ, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল ও ওবাইদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।