সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৮৭। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে। সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানার একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। এ বিষয়ে এর বেশি কিছু তাঁর জানা নেই।
