এক গ্রামেই ৩৭ 'জিনের বাদশা'!
ভিডিওর ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মসাৎ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
রাত হলেই লাল-সাদা কাপড়ে যুবকরা বনে যান তান্ত্রিক ও জীনের বাদশায়। নির্জন ও জনমানবহীন বাগানে তৈরি করা হয় কথিত তান্ত্রিকের শুটিংয়ের আসন। শুরু হয় তাদের ভৌতিক ও অলৌকিক নানা কর্মকাণ্ড। গাছে গাছে আগুন, মাটির হাড়িতে ধোঁয়া, চারপাশে মোমবাতিতে আগুন জ্বালিয়ে নাটক ও সিনেমার মতো হুবুহু চালানো হয় ভৌতিক কর্মকাণ্ড। কখনো জীবত মানুষকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। আবার কখনো জীন-ভূত হাজির করে অশুভ শক্তির প্রভাব দূর করার অলৌকিক ক্ষমতার দৃশ্য করা হয় ধারণ। নানা কৌশলে অলৌকিক ও ভৌতিক ভিডিও ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় প্রচার। তাদের এসব কর্মকাণ্ডে বিশ্বাস করে প্রতারণা ফাঁদে পা দেন সহজ-সরল প্রবাসী ও রোগীরা। নানা কৌশলে প্রতারকরা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন গ্রামের অন্তত ৩৭ জন কথিত জীনের বাদশা বা তান্ত্রিক।
