নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন। গতকাল মঙ্গলবার সকালে বিচারপতিরা নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, এএসপি (সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলামসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে।
হাইকোর্টের দুই বিচারপতির আদালত পরিদর্শনকে ঘিরে বিচারপ্রার্থী, আইনজীবী, আইনজীবী সহকারী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিদর্শনকালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন।
তারা আদালতের সার্বিক কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আদালতে উপস্থিত বিচারপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিচারপতিরা আদালত প্রাঙ্গণ, বার লাইব্রেরি ও আইনজীবীদের চেম্বার পরিদর্শন করেন। বার লাইব্রেরি পরিদর্শনকালে বারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবীনগর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান আদালতে আইনজীবীদের বসার সুবিধার্থে টেবিল, কম্পিউটার ও ফটোকপি মেশিন সরবরাহের দাবি জানান।
