আইনজীবীদের আদালত বর্জনে বিচারপ্রার্থীদের ভোগান্তি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পদায়ন বাতিল করে নিরপেক্ষ বিচারককে বগুড়ায় পদায়নের দাবীতে আইনজীবিদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকায় বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। সেখানে প্রতিদিন শত শত বিচার প্রার্থী হাজির হলেও কোনো আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ না করায় সেখানে বিচার কাজ বন্ধ রয়েছে। এতে বিচার প্রার্থীদের দুর্ভোগ দিন দিন বেড়েেই চলেছে। সেই সঙ্গে জেলা ও দায়রা জজের এজলাসে আদালত বর্জনের পক্ষে বিপক্ষে হাতাহতি, ধ্বস্তা স্বস্তি হট্টগোল কারণে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির সিদ্ধান্ত অমান্য করে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তিন আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে তাদের বিরুদ্ধে বার সমিতির সিদ্ধান্ত লঙ্ঘন ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনা হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব। এই তিনআইনজীবী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (১) স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বরের পৃথক নোটিশে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বার সমিতির সাধারণ সভায় বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালত বর্জন এবং ওই আদালতে মামলা শুনানি থেকে বিরত থাকার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্ত অমান্য করে গত ২৩ সেপ্টেম্বর ২৪২৮/২০২৬ নম্বর ফৌজদারি মিস মামলায় জজ আদালতের এজলাসে শুনানিতে অংশ নেন অভিযুক্ত আইনজীবীরা। এ কারণে তাদের শোকজ করা হয়েছে।