ছাত্রদল নেতা হত্যায় সাতজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চকরিয়ার সুবজবাগ এলাকা থেকে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু তারা অভিযোগভুক্ত না হওয়ায় রাতেই ছেড়ে দেওয়া হয়। মামলাটি তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে জিসান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাবা নাজেম উদ্দিন বলেন, আমার ছেলেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার চার ঘন্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।