বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সল্লা কামাক্ষামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাক্ষামোড় ঘাটে মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি এক্সকেভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।