কলেজ অধ্যক্ষের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় মডেল মসজিদে নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজ। গতকাল বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের জেলা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এ সময় শিক্ষক নেতারা অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

লিখিত বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের ভেতরে অধ্যক্ষ মহিউদ্দিন হামলার শিকার হন। এ ঘটনায় পরদিন অধ্যক্ষের পক্ষ থেকে মনপুরা থানায় আটজনকে আসামি করে মামলা করা হয়। তবে শিক্ষক নেতাদের অভিযোগ, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি।