ইটভাটা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ইটভাটা থেকে মিজানুর রহমান মিজান (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার একটি ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন 'নাইস ইটভাটা'য় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নিহতের কপালে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।