সিরাজগঞ্জে ৯৪টি ফোন উদ্ধার, গ্রেপ্তার আট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক এলাকায় তিন থানা পুলিশের বিশেষ যৌথ অভিযানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলো, আলাউদ্দিন, রবিউল, ইসরাফিল, হৃদয়, আলামিন, আক্কাস, ইমরান ও ইয়াসিন আরাফাত। তারা কুমিল্লা, চট্রগ্রাম, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার ভোরে তারা বগুড়ার ধুনট পৌর এলাকার মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে এবং তারা এসব ফোন নিয়ে শ্যামলী পরিবহনযোগে পালিয়ে যাচ্ছিল।

এ সংবাদে স্থানীয় পুলিশ ওই দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্ত করা হয় এবং স্থানীয় সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে চোরদের পালানোর বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। এ তথ্য ওই ৮ জন দুটি সিএনজি রিজার্ভ করে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার অভিমুখে যাচ্ছিল। এমন বিশেষ তথ্য ওই বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে বাসের তথ্য সংগ্রহ করা হয়। এ তত্যর ভিত্তিতে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ধুনট থানা পুলিশ মহাসড়কে এ যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে যমুনা সেতু এলাকায় ওই বাস তল্লাশি চালিয়ে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।