সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষেরা পেটপুরে খাচ্ছেন খাবার। নেই তেমন কোনো আনুষ্ঠানিকতা, আছে শুধু ভালোবাসার জোয়ার! প্রতিনিয়ত অনাহারে আর অর্ধাহারে থাকা এই মানুষগুলোর পাতে মাংসের টুকরো তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। এতেই যেন তাদের সুখের নেই কোনো সীমানা! গতকাল বুধবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদীর হাটে।

প্রতিমাসে দুইবার এমন আয়োজন করেন 'মানুষের জন্য কর্মশালা' নামের একটি সংগঠন। সাপ্তাহিক হাটের দিন বুধবারকে কেন্দ্র করে এখানে আসা অভুক্ত মানুষদের একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেন স্থানীয় প্রবাসী, ব্যবসায়ী, আর মানবিক মানুষজনেরা। কখনও বা গরু আবার কখনও খাঁসি কিংবা মুরগি মাংস দিয়ে করা হয় আয়োজন। ছিন্নমূল মানুষের মুখে একটু হাসি দেখতে পারাটাই স্বার্থকতা বলে জানান স্বেচ্ছাসেবক ও আয়োজকরা। আয়োজক ও স্পেন প্রবাসী কামরুল হাসান বলেন, এই মানুষগুলোর মুখে হাসি দেখাটাই দুনিয়ার সবচেয়ে বড় তৃপ্তি। তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করে চলছি আমরা। এখানে সমাজের সব শ্রেণি পেশার মানুষের অবদান রয়েছে। আমরা এটি চালিয়ে নিয়ে যেতে চাই। মাঝেমধ্যে এমন ভালো খাবারের সাধ পেয়ে অনেকটাই খুশি ছিন্নমূল মানুষেরা। তৃপ্তির হাসি দিয়ে জানান দেন নিজেদের অনুভূতি। মানবিক মানুষদের জন্য করেন দোয়া। এমন উদ্যোগে কোনো আনুষ্ঠানিক প্রচারণা কিংবা নাম ফলাও করতে চাননা আয়োজকেরা। স্বেচ্ছাসেবী মামুন রানা জানান, মানুষের পাশে থাকাটাই তাদের একমাত্র উদ্দেশ্যে। তবে এমন কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে নিতে চেয়েছেন সবার সহযোগিতা। আগামীতে প্রতি সপ্তাহে এমন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।