নবীনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময়

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া চর্চার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পৌঁছে দেওয়া হলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।