শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদে মক্তব ছুটির পর এক শিশুকে আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতের আমিরের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী ওই শিশুর বয়স ৯ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর সকালে সংগ্রামখেলি গ্রামের কোনাপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো মক্তব্যে আরবি পড়তে যায় এলাকার শিশুরা। মক্তবের ছুটি হওয়ার পর অন্য সব শিশুকে ছুটি দিলেও অভিযুক্ত বেলাল মুন্সি ওই শিশুকন্যাকে কৌশলে মসজিদের ভেতরে একা আটকে রাখেন। সবাই বের হয়ে যাওয়ার সুযোগে তিনি মসজিদের দরজা বন্ধ করে দেন এবং শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে যায় এবং তার মাকে বিস্তারিত জানায়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনাটি বাড়িতে জানানোর পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হয়েছে। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায়নি। উল্টো জামায়াত আমির নিজের সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বুধবার উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হলে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত গা-ঢাকা দিয়েছেন। অভিযুক্ত হেলাল উদ্দিনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় এই সাজানো ঘটনা রটানো হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।