ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সচেতনতামূলক প্রচারণা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে সিরাজদিখানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলা বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সহ-সভাপতি জমিরুল হল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য প্রানতোষ দেবনাথ, আমিনুল ইসলাম লিপু, রানা, আরাফাত রহমান প্রমুখ। লিফলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ড্রাম, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন ব্যবহৃত কন্টেইনারে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, বাইরে বের হলে শরীর ঢেকে রাখা পোশাক পরিধান এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
