হরিরামপুরে হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

 

মানিকগঞ্জের হরিরামপুরে জমজমাট আয়োজনে শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট। বৃহস্পতিবার উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি দুর্গাপুর বটতলা প্রাঙ্গণে এলাকার কৃষকদের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিংগাইর বায়ড়া একতা হা-ডু-ডু দলকে হারিয়ে বিজয়ী হয়েছে ঘিওর একতা হা-ডু-ডু দল। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম।

প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাকিল মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আরশেদ আলী মাতব্বর।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুল, আয়োজক কমিটির সদস্য মোঃ বিল্টু খন্দকার, ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।